একটি পরিবার সচ্ছল একশত বিঘার কাছাকাছি জমি। নিজে আইন ব্যবসা করে। ভালোভাবেই সংসার চলে যায়। বড়ভাই ওপারে, ভারতে ভালো চাকরি করে। বাবা-মা বৃদ্ধ। আত্মীয়স্বজনদের সবাই ওপারে। মন বসেনা, ওই দেশ ভারতে চলে যেতে চান। জমিজমা বিক্রি করে দিয়েছেন। রাজনৈতিক নেতারা তার টাকা-পয়সা কেড়ে নিতে চান। ভারতে নিয়ে যেতে দিতে চান না। তারা মনে করেন এ দেশ থেকে সম্পদ পাচার হচ্ছে। সে আমাকে বিষয়টি খুলে বলল। আমি তখন উপজেলা নির্বাহী অফিসার।এলাকার নাম এবং সেই ব্যক্তির নাম অনুউল্লেখ থাকলো। সে আমার সাহায্য চাইল। আমি নিজে গিয়ে তার বাড়ি থেকে এনে আমার বাসায় তার পরিবারের সবাইকে কয়েক দিন রাখলাম। তারপর আরিচা ঘাট পর্যন্ত আমার নিজের গাড়িতে পৌছে দিলাম। ওপার থেকে চেনা মানুষের গাড়িতে বেনাপোল পর্যন্ত ঠিক করে দিলাম। বেনাপোল থেকে ওপারে পার হওয়ার ব্যাপারে আমার ভাইকে সাহায্য করতে বললাম। যেন টাকা পয়সা গহনা নিয়ে নিরাপদে যেতে পারে।
তার নিজের টাকা। ক্ষমতাশালী লোক তার পিছনে লেগেছিলো। যদি সাহায্য না করতাম তবে তার টাকাটা নিয়ে নিতো। সহায় সম্বলহীন অবস্থায় বিদেশে অর্থাৎ ভারতে যেত। পরবর্তী জীবন অনিশ্চিত। কিন্তু ভিন্ন দেশে এদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। সম্পদ পাচার কি না? উপজেলা নির্বাহি অফিসার এ কাজ করতে পারে কিনা? করা উচিত কিনা? মানবতার বিবেচনায় সঠিক হলেও আইনে কি বলে? আইন বড় না মানুষ বড়? আইনের বাইরে ও মানবাধিকার কেন? দেশে দেশে আইন থাকা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার সনদ কেন?
বাস্তব জীবনে গোলকধাঁধায় পড়তে হয়। আজকে সঠিক মনে হয়, কালকে সেটা স্পষ্টত বেঠিক, এমনকি অন্যায় মনে হতে পারে। আপনি যেটা দায়িত্ব মনে করছেন আরেকজন সেটা ক্ষমতার অপব্যবহার বিবেচনা করেন। আমরা স্কুলে যখন পড়ি, যখন পরীক্ষা দিই, শিক্ষক যখন প্রশ্ন করেন তখন কোনটি সঠিক কোনটি বেঠিক উত্তর তা বলে দেন। আসলে কি তাই? বার্মিজদের মনে হতে পারে রোহিঙ্গারা তাদের দেশের টাকা নিয়ে বাংলাদেশের যাচ্ছে। রোহিঙ্গাদের জীবন-মরণ সমস্যা। বাংলাদেশের কাছে নৈতিক সমস্যা। আবার বাংলাদেশের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তাহলে কি বলবেন তাদের সম্পদ নিয়ে আসতে না দেওয়াটা সঠিক? নাকি সম্পদ নিয়ে আসতে দেওয়াটাই সঠিক? এর মাঝামাঝি কি কোন কিছু আছে? আমরা তো শুধু সঠিক বেঠিক নিয়ে আছি। ন্যায় অন্যায়, ভাল মন্দ, ওই বিচার শিখেছি। সময় পরিবেশ মানুষের সাথে কাস্টমাইজ করতে শিখেছি কি না?
