স্কুলে ঘুম: পক্ষে বিপক্ষে
প্রাক প্রাথমিকে ৫ বছরে শিশুসহ প্রাথমিকের অন্যান্য শ্রেণীর শিশুর কথা ধরা যাক। শিশুরা যেমন বারবার খেতে চায় তেমনি ঘুমাতেও চায়। আমাদের কোন একটি স্কুলে ঘুমানোর ব্যবস্থা আছে কি? নেই। আমরা একবার চিন্তা করে দেখেছি কি? পত্রিকায় কোন লেখা বেরিয়েছে কি? কোন মানব বন্ধন বা অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ এসেছে কি? উত্তর না। আমি স্কুলে ঘুমানোর পক্ষে একটু উকালতি করব:
স্কুলে শিশুরা মেঝেতে ঘুমাতে চায় না। পরিস্কার পরিচ্ছন্ন থাকে না। ঘুমানো দূরের কথা মেঝেতে বসতেও চায় না।আমাদের নিজেদের ঘর করার জন্য মেঝেতে সিরামিক টালি ব্যবহার করি কিন্তু স্কুল করার সময় সাধারণ সিমেন্টের মেঝে করি, খরচের পার্থক্য সামান্য, কিন্তু মেঝে পরিস্কার রাখা সহজ। শিশুরা টালির মেঝেতে শু’তে দ্বিধা করে না,অবশ্য পরিস্কার থাকলে। তাহলে আমাদেরকে মেঝে করার ব্যাপারে পরিবর্তন আনতে হবে। টালি, মোজাইক, মার্বেল এবং গ্রানাইট দিয়ে মেঝে করতে হবে। আমাদের শিশুরা বাড়ীতে সুন্দর ঘরে থাকে। স্কুলে কেন থাকবে না? যাদের সুন্দর ঘর নেই তারা স্কুলের সুবাদে কেন সুন্দর স্কুলে থাকবে না? ঘুম পেলে মেঝেতে ঘুমাতে পারবে। ক’বছর আগে সিলিকন ভ্যালিতে গুগলে’র অফিসে গিয়েছিলাম। সেখানকার কর্মী বুড়ো ছেলেরা চিন্তা, কাজ করতে করতে ক্লান্ত হলে, ঘুম পেলে করি ডোরে সোফায় ঘুমাতে দেখেছি। সাম্প্রতিক গবেষণায় জানাগেছে পড়া আর ঘুমানো পরপর হলে মেমোরি স্থায়ী হয়। যদি কয়েকটি বালিশ রাখা হয় তা কী দোষের? আমাদের শিশুদের পড়তে পড়তে ঘুম এ’লে কেন ঘুমাতে পারবে না?
সমস্যা হচ্ছে ক্লাসরুম বেঞ্চে ঠাসা কোথায় ঘুমাবে? আমাদের সব কক্ষে বেঞ্চ প্রয়োজন আছে কি? সারাদিন এক ভঙ্গিতে বেঞ্চে বসে থাকলে পিঠের, ঘাড়ের, পায়ের কিছু পেশি টানটান থাকে আবার পেটের, গলার ও পায়ের কিছু পেশি অলস থাকে। শরীরের পেশি ব্যবহৃত না হলে বৃদ্ধি হয় না; বৃদ্ধি শিশুদের জন্য অপরিহার্য। জীববিদ্যার সুত্র ‘Use it or lose it’ আমরা স্মরণে রেখেছি কি? বেঞ্চ কিনতে টাকা লাগে কিন্তু আমরা যদি কিছু কক্ষে বেঞ্চের বদলে তোষক রাখি তবে টাকা কম, আরাম বেশি।
দূরে দূরে বসলে যোগোযোগের সুবিধা হয় না। বেঞ্চের বদলে তোষকে বসলে একই সংখ্যক শিক্ষার্থীর সাথে শিক্ষকের দূরত্ব কমে, যোগাযোগ ভালো হয়, শিখন ফল ভালো হয়। কিছু কক্ষে বেঞ্চের বদলে তোষক রাখলে বৈচিত্র আসবে। তোষকের উপর ঘুমাতে কেমন লাগবে?
এন আই খান
সাবেক শিক্ষা সচিব







