আমরা যদি একমত হই শিক্ষায় পরীক্ষা-নিরীক্ষা দরকার। আর পরীক্ষা-নিরীক্ষাকে গবেষণা ধরে নিই তবে এ বিষয়ে একটু আলোচনা হতে পারে।
গবেষণা একা করা ভালো না টিমে? যদি একা করি তবে একের বিবেচনা কাজে লাগানো যায়। স্বাধীনতা আছে। আর টিমে করলে অনেকের বুদ্ধি, জ্ঞান, প্রচেষ্টার সমন্বয়ে কাজ করা যায়। এখন জ্ঞানের প্রতিটি ক্ষেত্র অনেক অনেক প্রসারিত, অনেক কিছু বলা হয়েছে,অনেক কিছু করা হয়েছে। এখন কি মনে হয় না গবেষণা টিমে করলে বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা?
টিমে বিভিন্ন ডিসিপ্লিনের সদস্য হলে কেমন হয়? সবাইকে ডিগ্রিধারী হতে হবে কি? পিএইচডি ছাড়া গবেষণা হবে না? প্রচলিত ধারণা, পিএইচডি ছাড়া গবেষণা হয় না। সেগুলো পর্যালোচনা করা দরকার।
আপনি কোন না কোন কাজ করেন। এই কাজ কতগুলো ধাপের সমন্বয়ে হয়। কিন্তু এই ধাপের সময়, জনবল, ব্যয় ইত্যাদি সম্পর্কে তথ্য রেকর্ড করে রাখি না। রাখার প্রয়োজন বোধ করি না। কিন্তু চিন্তা করে দেখুন কোন না কোন ধাপে উন্নতি করে সমগ্র বিষয়ে উন্নতি করা সম্ভব। উন্নতি করতে হলে গবেষণা দরকার। আর গবেষণার জন্য তথ্য দরকার। যে ধাপের উন্নতি চান সেই ধাপের তথ্য সংরক্ষণ করতে হবে। তথ্য বিশ্লেষণ করার জন্য পরিসংখ্যানে অভিজ্ঞদের সাথে দল গড়তে পারেন। তরুনদের আপনার দলে ভেড়াতে পারেন। তাঁরা শিখতে পারে। যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন। একদিন দেখবেন আপনি গবেষক হয়ে গেছেন। গবেষক তৈরি করেছেন।
পৃথিবীর মধ্যে ফিনল্যান্ডে গবেষকের অনুপাত সবচেয়ে বেশি। সে দেশ সফরের সময় সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করে জেনেছি গবেষনা ফান্ড পেতে হলে শুধু থিওরিটিক্যাল অভিজ্ঞতা থাকলে চলে না। যারা বাস্তবে সেই কাজ করে তাদের সাথে দল গড়তে হয়। থিওরি ও প্রাকটিসের সমন্বয় সাধন করতে হয়। এর ফলে শিক্ষালয়ের জ্ঞান কল-কারখানায় ছড়িয়ে পড়ে। আর কল কারখানার বাস্তব অভিজ্ঞতা শিক্ষকদের মাঝে সঞ্চারিত হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের সর্বশেষ জ্ঞানের সাথে পরিচিতি ঘটাতে পারেন। কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান তাদের সমস্যা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়। শিক্ষকরা বাস্তবে যারা কাজ করে তাদেরকে খুঁজে বের করে গবেষক দল গঠন করে। সরকার, ব্যবসা প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী গবেষণার ফান্ড যোগায়, গবেষকদের সাথে সম্পর্ক তৈরি করে। এইভাবে গবেষক তৈরি হয়। নতুন জ্ঞান তৈরি হয়।
যে যেখানে কাজ করছেন সে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। অন্যের সাথে দল গঠন করে পদ্ধতিগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে যে কেউ গবেষক হতে পারেন। দেশকে এগিয়ে নিতে পারেন। তা আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন আর গার্মেন্টস এ সেলাইয়ের কাজ করেন। ডিগ্রি দরকার নেই বা গবেষণা প্রতিষ্ঠানে গবেষক পদে পদায়নের দরকার নেই।
এন আই খান
সাবেক শিক্ষা সচিব







