প্রায়শঃ শুনি আমাদের ছেলে-মেয়েদের গিনিপিগ বানানো হচ্ছে! আসলে কী তাই? গিনিপিগ না হলে কীভাবে ভ্যাক্সিন হবে?
গত দিনের লেখায় দেখেছি সংস্কার অবশ্যই দরকার। সংস্কার সঠিক পথেই অর্থাৎ সুপথে হতে হবে। বেপথে, অপথে, কুপথে সংস্কার হলে সংস্কারের সুফল পাওয়া যাবে না।
সংস্কার সুপথে করতে হলে গবেষণা দরকার। গবেষণা করে বের করতে হবে কি করে চলমান অবস্থার উন্নতি করা যায় অথবা কোন সমস্যা থাকলে তার সমাধান করা যায়। কিংবা কোন ভালো জিনিস হারিয়ে গেলে বা হারিয়ে যেতে বসলে তা উদ্ধার বা পূণঃপ্রচলন করা যায়।
গবেষণায় অনেকগুলো বিকল্প পথে সমাধান বিবেচনা করা হয়। অনেকগুলো পথের মধ্যে একটি পথ বেছে নেয়া হয়। পথগুলো বের করার জন্য অনেক পরীক্ষা করা হয়। সব পরীক্ষা সফল হয় না। আমাদেরকে বিফলতা মেনে নিতে হবে। বিফলতা মানে পরাজয় না। বিফলতা মানে সময় ও অর্থের অপচয় না। বিফলতা মানে সফলতার দিকে একধাপ এগিয়ে যাওয়া। অভিজ্ঞতা অর্জন করা। অভিজ্ঞতার কোন বিকল্প নেই।
তিনভাবে অভিজ্ঞতা অর্জন করা যায়। অন্যের গবেষণা ব্যবহার করে। আমাদের দেশ গবেষণায় তেমন একটা অর্থ ব্যয় করে না। গবেষণা কালচারের অংশ। আমাদের দেশে ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাধান খোজা হয়। গবেষণার খোঁজ মেলে না। গবেষণা হলেও তার প্রচার নেই। তাই প্রসঙ্গিক গবেষণা খুঁজে পাওয়া যায় না। গবেষণার জন্য গবেষক দরকার। গবেষক একদিনে তৈরি হয় না। কে নেবে এই দায়িত্ব। তার চেয়ে সোজা কাজ অন্যের গবেষণা কাজে লাগানো। সেখানেও পরীক্ষা দরকার। অন্য দেশের আর আমাদের প্রেক্ষাপট এক না। তার জন্য গিনিপিগ দরকার। রিয়েল গিনিপিগ। সে গিনিপিগ আমাদের সন্তান। তবে গিনিপিগের যত্ন নেয়া, সতর্কতা অবলম্বন করা হয় কী না সেটি বিবেচ্য।
এখন সিমুলেশনের যুগ তাই সরাসরি গিনিপিগ ব্যবহার না করে সিমুলেশন করা যায়। সিমুলেশনের যন্ত্র বা সফটওয়ার উভয়ের উদ্ভাবনের জন্য অনেক গবেষণার দরকার হয়। সিমুলেশনের জন্য যন্ত্র বা সফটওয়ার বেশিরভাগ ক্ষেত্রে নেই। যা আছে তার আকাশ ছোয়া দাম। শিক্ষার ক্ষেত্রে আরও বিরল।
তাই শিক্ষা গবেষণার ক্ষেত্রে সরাসরি পরীক্ষার বস্তু হতে হয়। আর তাই আমাদের ছেলেমেয়েরা গিনিপিগ।
দ্বিতীয়টি নিজেরা গবেষণা করা। এ বিষয়ে আর একদিন বলব।
তৃতীয়টি অন্য কোন ব্যক্তি, সংস্থা বা দেশ বাস্তবায়ন করে অভিজ্ঞতা অর্জন করেছে। এখন তা হুবহু বাস্তবায়ন করা। কিন্তু কোন কোন ক্ষেত্রে যেমন নদী খাল পরিস্কার হুবহু বাস্তবায়ন করা গেলেও পদ্ধতি ভিন্ন হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে হুবহু বাস্তবায়ন বোকামি- কালচার, রুচি ভিন্ন। তাই পরীক্ষা-নিরীক্ষা। তাই গিনিপিগ আবশ্যক।
এন আই খান, সাবেক শিক্ষা সচিব







